ইয়াহু অ্যাকাউন্টে ফেসবুক চালানো ঝুঁকিপূর্ণ

১১ জানুয়ারি, ২০২০ ১৩:০২  
সমুদ্র শহর কক্সবাজারের লং বিচ হোটেলে শুক্রবার (১০ জানুয়ারি) শুরু হয়েছে ৫ দিনের ইন্টারনেট পরিচালন প্রযুক্তি নিয়ে সম্মেলন ও কর্মশালা। একাদশ সম্মেলনের এই কর্মশালার চতুর্থ সেশনে আলোচনা হয়েছে সাইবার নিরাপত্তা নিয়ে। আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার নিয়ে আলোকপাত করেন বাংলাদেশ পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল ইসলাম। আলোচনায় তিনি এসময় সকলকেই সোশ্যাল মিডিয়ায় জন্ম তারিখ লুকিয়ে রাখার পরামর্শ দেন। তিনি বলেন, জন্ম তারিখ জানা থাকলে ফেসবুকের নাম দিয়ে ফটোশপ করে ভুয়া পাসপোর্ট বানানো যায়। নাজমুল ইসলাম বলেন, ফেসবুক আইডির যেকোনো সময় ব্যক্তিগত তথ্য-উপাত্ত হ্যাক হওয়ার ঝুঁকি রয়েছে। তাই যেই অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক খোলা হয়েছে সেটাও নিরাপদ রাখার প্রতি গুরুত্ব দিতে হবে। এছাড়াও যারা আগে ইয়াহু অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন তারা অবশ্যই এটা পরিবর্তন করে নেবেন। কেননা বিগত কয়েক বছরে এই অ্যকাউন্টটি সহজেই হ্যাক করা যাচ্ছে। তিনি জানানা, বর্তমানে তথ্যপ্রযুক্তির প্রসারকে কাজে লাগিয়ে অনেকেই সাইবার অপরাধে জড়িয়ে পড়ছে। আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা এসব বিষয়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছে। এই কাজে সহায়তা করতে সবাইকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা করার আহ্বান জানান তিনি। এসময় আইএসপি সেবদাতা প্রতিষ্ঠানগুলোকে শুধু মাত্র একজন এসআইয়ের ফোনে কোনো লগ না সরবরাহ করার প্রতি গুরুত্বারোপ করেন নাজমুল ইসলাম। এর আগে ‘দ্য ইভলভিং ল্যান্ডস্কেপ অব দ্য ডিএনএস’ শীর্ষক মূল প্রবন্ধে ডোমেইন নেইম সিস্টেম (ডিএনএস) বিষয়ে নতুন আপডেট তুলে ধরেন যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লাউডভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান সেলসফোর্স ডটকমের প্রিন্সিপাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুমন হক।